কোম্যানকে তাচ্ছিল্যের জবাব সুয়ারেজের

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:২৪ পিএম

২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিপর্যস্ত হওয়ার পর কোচের দায়িত্ব নিয়েই লুইস সুয়ারেজকে ফোনে বলে দিয়েছিলেন রোনাল্ড কোম্যান, তার পরিকল্পনায় নেই সুয়ারেজ। ইচ্ছে থাকা সত্ত্বেও আর বার্সেলোনায় থাকা হয়নি ক্লাবের হয়ে ১৯৮ গোল করা উরুগুইয়ান স্ট্রাইকারের। শনিবার লা লিগায় সাবেক ক্লাবের সঙ্গে গোল করেই যেন কোম্যানের ওপর প্রতিশোধ নিলেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। ওয়ান্দা মেট্রোপলিতানোতে লা লিগায় আতলেতিকো ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে।

২৩ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন টমাস লেমার। ৪৪ মিনিটে ওই লেমারের পাসেই গোল করেন সুয়ারেজ। গোল করেই ড্রেসিংরুমে থাকা কোম্যানকে লক্ষ্য করে ফোন কল করার ভঙ্গিমা করেন তিনি। এ সময় মুখ লুকাতে দেখা যায় বার্সেলোনা কোচকে। তবে গোল করার পর কোনো উল্লাস করেননি সুয়ারেজ। হাতজোড় করে ক্ষমা চেয়েছেন বার্সা সমর্থকদের কাছে। ম্যাচ শেষে বলেন, ‘(এটা ছিল) শ্রদ্ধা, ভালোবাসা থেকে। বার্সায় আমার যা ক্যারিয়ার এবং এখন তারা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে। ভক্তদের জন্যও।’ ফোন কল করা ভঙ্গিমার ব্যাখ্যায় বলেন, ‘এটি ছিল সেই মানুষদের জন্য যারা মনে করে আমি এখনো একই ফোন নম্বর ব্যবহার করি।’ ম্যাচে মাত্র ২৯ শতাংশ বল দখলে ছিল আতলেতিকোর। গোলে শট নেওয়া ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। তবু ম্যাচে হার। তাই তো ম্যাচ শেষে বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার পিকে বিরক্ত হয়ে বলেন, ‘আমরা আরও তিন ঘণ্টা ধরে খেললেও আতলেতিকোর বিপক্ষে গোল করতে পারতাম না।’

এটি বার্সেলোনার টানা দ্বিতীয় হার। কদিন আগে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার মাঠে ০-৩ গোলে হেরেছিল বার্সেলোনা। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ মিলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে কাতালানরা। গোল করেছে মাত্র ১১টি। যা গত মৌসুমে এই সময়ের চেয়ে ৮ গোল কম। ২০০৮ সালের পর এবারই ৯ ম্যাচে সবচেয়ে কম গোল করল বার্সা। লা লিগার পয়েন্ট টেবিলে এখন নয় নম্বরে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ৮ ম্যাচে ১৭ পয়েন্টে আছে দুইয়ে (এই হিসাব শনিবার পর্যন্ত)।

এমন বিপর্যস্ত অবস্থার পরও কোচ কোম্যান কী করে দায়িত্বে- এমন প্রশ্ন বার্সাপ্রেমীদের মধ্যে। তবে আতলেতিকোর সঙ্গে ম্যাচের আগেই বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছিলেন, ম্যাচের রেজাল্টে কোম্যানের ভবিষ্যৎ নির্ধারিত হবে না, ‘বার্সেলোনার কোচ হিসেবে কোম্যান দায়িত্ব চালিয়ে যাবেন। অনেক কারণে কিছুটা সুযোগ তার প্রাপ্য। তিনি বার্সেলোনার একজন ভক্ত এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য কিংবদন্তি। তিনি থাকবেন এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য সুযোগটা তার প্রাপ্য।’ আতলেতিকোর সঙ্গে হারের পর, বেশ কিছু গণমাধ্যমে খবর বার্সেলোনার পরবর্তী তিন ম্যাচের ওপর নির্ভর করছে কোম্যানের ভাগ্য। বার্সেলোনার পরবর্তী তিন ম্যাচ ভ্যালেন্সিয়া (১৭ অক্টোবর), ডায়নামো কিয়েভ (২০ অক্টোবর) ও রিয়াল মাদ্রিদের (২৪ অক্টোবর) সঙ্গে। ম্যাচগুলো হবে আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত