আইসিইউতে করোনাআক্রান্ত অভিনেতা মাহমুদ সাজ্জাদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০১:১২ পিএম

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন অভিনয় শিল্পী মাহমুদ সাজ্জাদ। রবিবার রাতে মাহমুদ সাজ্জাদের ভাই ম হামিদ গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। ম হামিদ বলেন, ‘মাহমুদ সাজ্জাদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়।’

তিনি আরও বলেন, 'শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু  কোভিড পরবতী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।’

জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পান।

এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেই সঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়িয়ে দেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। ৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’ ও ‘জনক’সহ বেশ কিছু নাটকে। মাহমুদ সাজ্জাদের ছোট ভাই কে এম খালিদ সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত