ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে ৯ অক্টোবর, ক্লাস ২০ অক্টোবর

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১০:৫৩ পিএম

আগামী ৯ অক্টেবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সশরীরে ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে।

সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ অক্টোবর সকাল ১০টা থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। তবে কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। করোনা বিবেচনায় আপাতত গণরুম থাকছে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সীদ্ধান্ত নেয়া হবে।

সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্যরা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল ১১টায় আবাসিক হল খোলা ও ক্লাস যথারীতি চালুর বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য হলগুলো পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত