রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করেছে একটি চক্র। গতকাল সোমবার দুপুরে ‘উপজেলা প্রশাসন পীরগাছা রংপুর’ নামের ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন ইউএনও শামসুল আরেফীন।
স্ট্যাটাসে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগাছার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
ইউএনও শামসুল আরেফীন বলেন, গতকাল দুপুর ১টা থেকে ২টার মধ্যে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির কাছে এমন ফোন এসেছে বলে জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠে। পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যানের কাছে প্রকল্পের জন্য ডিসি অফিসে টাকা দেওয়ার কথা বলে চাঁদা দাবি করা হয়। তবে পীরগাছা সদর ইউপি চেয়ারম্যানের ফোনকলে কথা অস্পষ্ট ছিল। আসলে এসব ফোনকল আমার নয়। এ বিষয়ে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
