কৃষক বিক্ষোভে হত্যা নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:০৪ পিএম

ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলছে। কৃষকদের সমবেদনা জানাতে গিয়ে আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। প্রায় দুদিনেরও বেশি সময় পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে রাহুল গান্ধীকে ঘটনাস্থলে যেতে অনুমতি দেয়নি উত্তর প্রদেশ সরকার।

তবে, বুধবার দুপুরে রাহুল গান্ধীকে লাখিমপুরে যাওয়ার অনুমতি দিয়েছে উত্তর প্রদেশ সরকার।

উত্তর প্রদেশের যোগী সরকার জানিয়েছে, রাহুল, প্রিয়াঙ্কা-সহ মোট পাঁচজন লাখিমপুরে যেতে পারবেন। রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নী ও রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট লাখিমপুরে যাচ্ছেন বলে কংগ্রেসের একটি সূত্র আনন্দবাজারকে জানিয়েছে।

আনন্দবাজারের আরেক প্রতিবেদনে জানিয়েছে, লাখিমপুরের উদ্দেশে রওনা দেওয়া শচীন পাইলট ও আচার্য প্রমোদকে উত্তর প্রদেশের মোরাদাবাদে আটক করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা পারগৎ সিংহ কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে বৃহস্পতিবার ১০ হাজার গাড়ির কনভয় নিয়ে লাখিমপুরের উদ্দেশে যাত্রা করবেন। একই দিনে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও লাখিমপুর যাবেন বলে জানা গেছে।

সোমবার সকালেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কংগ্রেসের তরফে চিঠি দিয়ে লাখিমপুর যাওয়ার অনুমতি চাওয়া হয়। সেখানে বলা হয়, রাহুলের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল লাখিমপুর যেতে চায়। প্রিয়াঙ্কাকে কেন জোর করে আটকে রাখা হয়েছে সেটিও বলা হয়েছে চিঠিতে।

উত্তরে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রাহুল গান্ধী জানান, ১৪৪ ধারা জারি থাকায় প্রয়োজনে তিনজনের প্রতিনিধি দলকে নিয়ে তিনি লাখিমপুরে যাবেন।

অন্য দিকে উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংহ জানান, পরিস্থিতি শান্ত হলে ও মৃতদের শেষকৃত্য হলে রাজনৈতিক নেতাদের লাখিমপুর যেতে দেওয়া হবে।

রবিবার উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে আটজনকে মেরে ফেলার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করেছেন অজয়।

তিনি পাল্টা অভিযোগ করেছেন, বিক্ষোভকারীদের হাতে তার গাড়ির চালক ও তিন বিজেপি কর্মী খুন হয়েছেন।

তবে, ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত ঘোষণা করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তার ছেলেকে দ্রুত গ্রেপ্তার করা না-হলে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন কৃষকেরা।

সূত্র: আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত