মায়ের জন্মদিনে জেলে আরিয়ান, শাহরুখ পরিবারে আনন্দের বদলে কান্না

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৩:০৭ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারে এখন দুঃসময় চলছে। গত ৩ অক্টোবর গ্রেপ্তার হন শাহরুখপুত্র আরিয়ান। তার আগে ২ অক্টোবর, শনিবার রাতে মাদক মামলায় আটক হয়েছিলেন আরিয়ান। দুই দফায় শুনানি শেষে গতকাল ১৪ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে শাহরুখ পুত্রকে।

এদিকে আরিয়ান যখন জেলে তখন ৮ অক্টোবর, শুক্রবার শাহরুখের স্ত্রী তথা আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন। বিশেষ এই দিনে মায়ের পাশে নেই আরিয়ান। সে জন্য তার মন যেমন বিষাদগ্রস্ত, তেমনি মা গৌরী খানের দিনটাও যেন রঙহীন। অন্যদিকে ভাই কাছে না থাকলেও মাকে শুভেচ্ছা জানিয়েছেন সুহানা খান। শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ে ইনস্টাগ্রামে বাবা-মায়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

উল্লেখ্য, শূন্য থেকে সাফল্যের চূড়ায় উঠেছেন শাহরুখ খান। একজন আউটসাইডার থেকে নিজের চেষ্টা ও মেধার জোরে তিনি হয়ে উঠেছেন বলিউডের কিং। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বিন্দুমাত্র দাগ লাগতে দেননি তিনি। অথচ আজ ছেলের ভুলের কারণে বিতর্ক-সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন এসআরকে। যদিও অনেকের ধারণা, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ষড়যন্ত্রের শিকার হচ্ছেন শাহরুখ খান। মাস খানেক আগেই নাকি তাকে টার্গেট করা হয়েছিল। সেটার অংশ হিসেবে আরিয়ানকে গ্রেপ্তার করেছে এনসিবি।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ ৮ জনকে আটক করে এনসিবি। তারা পার্টি করতে করতে পর্যটন নগরী গোয়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় তাদের কাছ মাদক উদ্ধার করা হয়েছে বলে দাবি এনসিবি কর্তাদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত