রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি স্থাপন উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:১৯ পিএম

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি স্থাপনকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন তিনি।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর বা কমিশনিং প্রক্রিয়ায় এই চুল্লি স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। পরমাণু বিজ্ঞানীরা রিঅ্যাক্টর প্রেসার ভেসেলকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘হার্ট বা হৃৎপিণ্ড’ বলে থাকেন।

এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প এটি। ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি খরচের এ প্রকল্পের নব্বই ভাগ টাকা ঋণ দিয়েছে রাশিয়া। ঋণ হিসেবে রাশিয়া দিচ্ছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। বাকিটা দিচ্ছে বাংলাদেশ সরকার।

একই সঙ্গে আন্তরাষ্ট্রীয় কয়েকটি চুক্তির মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে রুশ ঠিকাদার এটমস্ট্রয় এক্সপোর্ট। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি এটি পরিচালনার জন্য জনবলও তৈরি করে দিচ্ছে রাশিয়া।

রূপপুরের দুটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ২০২৩ সালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত