টানা দুই জয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল মালদ্বীপ

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৫১ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপের শুরুটা এবার ভালো ছিল না। নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় স্বাগতিকেরা। তবে এরপর টানা দুই জয় তুলে নিল দলটি। বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচ দলের আসরে ফাইনাল খেলার স্বপ্নও জিইয়ে রাখল সুজাইন আলির দল।

রবিবার মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় মালদ্বীপ। প্রথমার্ধের শুরুর দিকে একমাত্র গোলটি করেন আশফাক আলি।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুইয়ে মালদ্বীপ। দুই ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল। যারা দিনের অন্য ম্যাচে ভারতকে হারালে ফাইনাল নিশ্চিত করবে।

তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ভারত দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে। শ্রীলঙ্কা ৪ ম্যাচে এক ড্র ও তিন হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত