চলে গেলেন শিশুসাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদুভাই। গতকাল রবিবার মুগদার নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি ছিলেন একাধারে শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ও সাংবাদিক। ১৯৭৪ সালে ‘চাঁদের হাট’ নামে শিশু সংগঠন গড়ে তোলেন তিনি। দৈনিক পূর্বদেশে ‘চাঁদের হাট’ নামে ছোটদের একটি পাতা বের হতো। তখন থেকে তিনি ‘দাদুভাই’ নামে পরিচিতি পান।
গতকাল আছরের পর যমুনা ফিউচার পার্ক জামে মসজিদে প্রথম জানাজা এবং মাগরিবের পর বাসাবো জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন তার ভাগ্নে নুরুল ইসলাম।
