চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে শিশুকে নির্যাতন

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০২:১০ এএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত শনিবার উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিশুটির দাদা থানায় মামলা করেন। পরে রাতেই স্থানীয় চা দোকানি আবু বক্করের স্ত্রী বেলি বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রবিবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটির মা নেই। বাবা দিনমজুর। শনিবার বিকেলে ধনতলা বাজারের চা দোকানি আবু বক্করের ক্যাশবাক্স থেকে ২০০ টাকা হারিয়ে যায়। শিশুটি টাকা নিয়েছে সন্দেহ করে তাকে বাড়ি থেকে ডেকে এনে গাছে বেঁধে মারধর করেন বেলি বেগম ও রহিমা বেগম।

ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম জানান, শুনেছি এক শিশুকে নির্যাতনের অভিযোগে পুলিশ বেলি বেগমকে ধরে নিয়ে গেছে। সন্দেহের বশে মা-হারা শিশুকে এভাবে নির্যাতন করা তার উচিত হয়নি।

ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্র নাথ মন্ডল জানান, ফেইসবুকে নির্যাতনের ভিডিও নজরে আসার পর রাতেই অভিযুক্ত বেলি বেগমকে আটক করা হয়। শিশুটির দাদার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ (গতকাল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি শরাফত আলীর স্ত্রী রহিমা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত