সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। নেপালের বিপক্ষে শেষ দিকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সুনীল ছেত্রী। তার একমাত্র গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইগর স্টিমাচের দল।
রবিবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ১-০ গোলে জয় তুলে নেয় ভারত। ছেত্রী জয়সূচক গোলটি করেন ৮২তম মিনিটে।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধেও বারবার আক্রমণের পরেও নেপালের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হচ্ছিল ভারত। ফলে একটা সময় মনে হচ্ছিল হয়তো এই ম্যাচ থেকেও ভারতকে একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ঠিক তখন নিজের জাত চেনান সুনীল।
এই জয়ের সুবাদে ফাইনাল খেলার আশা জিইয়ে থাকল ভারতের। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে বাংলাদেশ।
তিন ম্যাচে ৬ করে পয়েন্ট স্বাগতিক মালদ্বীপ ও টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া নেপালের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের আসরে চার দলের সামনে আছে ১৬ অক্টোবরের ফাইনালে খেলার সুযোগ।
বুধবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ এবং বাংলাদেশ ও নেপাল।
