নাটোরের সিংড়ার চলনবিলে বিভিন্ন প্রজাতির ১০১টি পাখি মুক্ত করা হয়েছে। এ ছাড়া তিন পাখি শিকারিকে জরিমানা করা হয়েছে।
সোমবার সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান পাখিগুলোকে মুক্ত করেন এবং তিন শিকারিকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিন শিকারি হলেন- তাড়াশ উপজেলার পলাশী গ্রামের শাহাদৎ হোসেন (৪০), মহাতাব প্রামাণিক (৪৫) এবং দিঘরিয়া গ্রামের নাজমুল ইসলাম (৩৫)।
জানা যায়, সোমবার ভোরে পরিবেশ কর্মী সাইফুল ইসলাম ও হাসান ইমামের নেতৃত্বে বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া এলাকায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা অভিযান চালায় । প্রায় ৩কিলোমিটার কাদাপানি মাড়িয়ে ধানখেত থেকে পাখিসহ ৩জন শিকারিকে আটক করে বিয়াস বাজারে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন পরিবেশকর্মীরা।
উদ্ধারকৃত পাখিগুলো সকাল সাড়ে ১০টায় চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনিতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী জুলহাস কায়েম, খান মো. শারফুল ইসলাম খোকন, জুবায়ের হক, আবু বকর সিদ্দিক, আবু কাহার।
