পূজায় নতুন পোশাক না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০১:০১ পিএম

দুর্গাপূজায় একমাত্র ছেলেকে নতুন পোশাক কেনার টাকা দিতে পারেননি দিনমজুর বাবা খগেন চন্দ্র। সেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার কলেজ পড়ুয়া ছেলে কনক চন্দ্র (১৮)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামে।

স্থানীয়রা জানিয়েছে, ছোট কঞ্চি গ্রামের খগেন চন্দ্র দিনমজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ জোগান দেন।

তার বড় মেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী। আর ছেলে কনক স্থানীয় হাটকড়ি ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

সোমবার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজায় ছেলে কনক নতুন শার্ট-প্যান্ট কেনার জন্য বাবার কাছে টাকা চান। কিন্তু আর্থিক সংকটের কারণে ছেলেকে টাকা দিতে পারেননি খগেন। সেই অভিমানে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন কনক।

বাড়ির লোকজন ঘটনাটি টের পেয়ে দড়ি কেটে নামালেও ততক্ষণে মৃত্যু হয় কনকের।

এমনিতেই অভাবের সংসারে পূজার আনন্দ নেই খগেনের পরিবারে। তার মধ্যে সপ্তমী পূজার দিন সকালে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সেই সাথে পুরো হিন্দু পাড়ায় দুর্গাপূজার আনন্দ ম্লান হয়ে গেছে কনকের মৃত্যুর সংবাদে।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল বারী কলেজছাত্র কনকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সৎকার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত