গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন ও শেরপুর ও জামালপুরের দুইজন। এর মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮ জনের মৃত্যু হল। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার মোতালেব (৩৫), ত্রিশাল উপজেলার মো. হেলাল (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা (৭০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯২ জন রোগী ভর্তি আছেন।
এদের মধ্যে আইসিইউতে ৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৯৫ জন।
