বাবাকে প্রকাশ্যে লাথি মারধর, শিক্ষক ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৫:৫৩ পিএম

পাবনার চাটমোহরে প্রকাশ্যে বাবাকে লাথি মেরে লাঞ্ছিত করেছেন তারই ছেলে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী বাবার করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মহেলা ডাকঘরে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে মামলাটি করেন ভুক্তভোগী আতাউর রহমান।

গ্রেপ্তার ছেলের নাম মো. মজনুর রহমান। তিনি চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর।

মামলার এজাহারের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সোমবার (১১ অক্টোবর) সকালে বাবা আতাউর রহমানের চাকরিস্থল মহেলা ডাকঘরে যান তার ছেলে মজনুর। ডাকঘরে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি বাবার কাছ থেকে ছিনিয়ে নেন।

তিনি আরও জানান, পরে মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাধা দেন বাবা। বাধা দেওয়ায় এ সময় বাবা আতাউর রহমানকে লাথি মারেন তিনি। এ সময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও শুরু করে মজনুর। পরে আশপাশের লোকজন এসে মজনুরকে তাড়িয়ে দেন।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল পিতা আতাউর রহমান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছে দেয়। পরে, মঙ্গলবার তিনি চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। মামলার পরে রাতেই মজনুরকে গ্রেপ্তার করে পুলিশ।

চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি খুবই লজ্জার ও দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন নিন্দনীয় আচরণ কাম্য নয়। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছেলের বিরুদ্ধে বাবা আতাউর রহমানের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত