নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বছরভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের রোডম্যাপ করা হয়েছে।’
গতকাল বুধবার সচিবালয়ে কপ ২৬ রিজিয়নাল অ্যাম্বাসেডর ফর দ্য এশিয়া প্যাসিফিক অ্যান্ড সাউথ এশিয়ার প্রতিনিধির কেন ‘ও’ ফ্লাহারটি ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে আলাপকালে এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, কার্বনের নিঃসরণ শূন্যের কোঠায় নিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ব্যাটারিচালিত গাড়ি ব্যবহারসংক্রান্ত নীতিমালা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ প্রসারে প্রচুর অকৃষি ভূমি প্রয়োজন; যা বাংলাদেশের মতো ঘনবসতি এলাকায় অত্যন্ত দুরূহ। এরপরও সৌরবিদ্যুৎ প্রসারে কাজ করছে সরকার।
