কয়েকটি ঝটপট রান্না

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:৩৪ পিএম

সহজে করা যায় এমন ঝটপট রান্নার রেসিপি দিয়েছেন নিগার সুলতানা সম্পা

পটোল ভাজা

উপকরণ

পটোল ৬টি, হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো দেড় চা চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. পটোল ছেঁচে ধুয়ে পরিষ্কার করে পটোলের দুই পাশ তির্যক করে কাটুন।

২. পটোল কাটা হলে হলুদের গুঁড়ো, মরিচ ও লবণ দিয়ে মেখে নিন।

৩. এরপর সামান্য পানি দিয়ে চুলায় ভাপিয়ে রাখুন।

৪. ভাপানো পটোল ফ্রাইপ্যানে তেল গরম করে এপিঠ-ওপিঠ ভেজে গরম ভাত বা সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

তরকা ডাল

উপকরণ

মসুর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, রসুন কোয়া ৬টি, টমেটো ২টি, তেল আধা কাপ, ধনেপাতা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫টি, শুকনো মরিচ ২টি।

যেভাবে তৈরি করবেন

১. ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিন।

২. ফ্রাইপ্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে টমেটো কুচি দিয়ে দিন।

৩. কিছুক্ষণ ভাজার পর ডাল দিয়ে ভাজুন। এরপর পানি দিয়ে সেদ্ধ করুন। নামানোর আগে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।

৪. এবার ডালটা পরিবেশন পাত্রে ঢেলে ফেলতে হবে। অন্য একটা ফ্রাইপ্যানে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কোয়া ও শুকনো মরিচ লালচে করে ভেজে ডালের ওপরে ঢেলে একটু নেড়ে দিয়ে পরিবেশন করুন।

কচুর মালা বড়া

উপকরণ

নারকেলি বা মান কচু মাঝারি আকারের ১টি, লবণ ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো আদা চা চামচ, চালের আটা আদা কাপ, ময়দা ২ টেবিল চামচ, পানি আধা কাপ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. কচু প্রথমে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচের শক্ত অংশ আলাদা করে নিতে হবে।

২. এরপর শক্ত অংশ গোল গোল করে কেটে তিন টুকরো করতে হবে। পরে কচুর একপাশ সোজা এবং অন্যপাশ তির্যক করে কচুর শেষ প্রান্তের আগ পর্যন্ত কাটতে হবে। কাটার সময় খেয়াল রাখতে হবে যেন পুরোটা কেটে না যায়।

৩. কচুর কাটা অংশগুলোকে লবণ-পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

৪. একটি পাত্রে চালের আটা, ময়দা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ ও সামান্য পানি দিয়ে মেখে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে।

৫. কড়াইয়ে তেল গরম করে কচুর টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে।

মুচমুচে মিষ্টি কুমড়ো

উপকরণ

মিষ্টিকুমড়ো পিস পিস করে কাটা ৬ পিস, লবণ আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো ২ চা চামচ, চালের আটা আধা কাপ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে মিষ্টিকুমড়ো খোসা ফেলে পিস পিস করে কেটে নিন। এই কুমড়োর খোসার দিকে থেকে ভেতরের দিকে ঝুরি ঝুরি করে কাটতে হবে, যেন দেখতে ফুলের মতো হয়। তারপর লবণ-পানির মধ্যে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

২. পানি থেকে তুলে এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ ও চালের আটা একত্রে মিশিয়ে তার ভেতর মিষ্টিকুমড়ো এপিঠ-ওপিঠ করে ভালো করে মেখে নিন।

৩. চুলায় কড়াই দিয়ে তেল গরম হলে তার মধ্যে মিষ্টিকুমড়ো দিয়ে লালচে না হওয়া পর্যন্ত চেপে চেপে ভেজে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত