গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত তিনটি মন্দিরে লক্ষ্মী ও কালী পূজায় সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গাজীপুর মহানগরীতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পূজা ম-পে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।
তিনি হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি পূজামন্ডপে লক্ষ্মী পূজা ও কালীপূজা উদযাপনের জন্য যত টাকা খরচ হয় তা সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার ঘোষণা দেন।
পরিদর্শনকালে হিন্দু ধর্মীয় নেতা অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, অরুন কুমার দাস, নারায়ণ চন্দ্র, আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আসকর, আনোয়ার হোসেন, কাউন্সিলর সাইজুদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনটি পূজামন্ডপ ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় পুলিশ ১৯ জনকে আটক করেছে।
