কাশ্মীরে জেসিও-সহ আরও ৪ ভারতীয় সেনার মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০:৩৭ এএম

জম্মু-কাশ্মীরের পুঞ্চে আরও এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)সহ চার ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে কাশ্মীরে গত ছয় দিনে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে দুই জেসিও-সহ নয় ভারতীয় সেনা নিহত হলেন।

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে একক একটি গোলাগুলির ঘটনায় সবচেয়ে বেশি ভারতীয় সেনা নিহত হন।

আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার ‘জঙ্গিদের সঙ্গে’ লড়াইয়ে নিখোঁজ হওয়া দুই সেনাসহ চার সেনার মরদেহ উদ্ধার করা হয় শনিবার। এর মধ্যে রয়েছেন এক জেসিও।

পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রথমে নিহত হন জেসিও যশবেন্দ্র সিংহসহ পাঁচ সেনা। এর পরেই পুঞ্চ-রাজৌরির বিস্তীর্ণ এলাকা ঘিরে তল্লাশি শুরু করে সেনা।

বৃহস্পতিবার ফের সংঘর্ষে নিহত হন দুই সেনা- যোগাম্বর সিংহ ও বিক্রম সিংহ নেগী। ওই দিনই বাহিনীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুবেদার অজয় সিংহ এবং নায়েক হরেন্দ্র সিংহের।

শনিবার যোগাম্বর, বিক্রম, অজয় ও হরেন্দ্রের মরদেহ উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী।

এদিকে পুলওয়ামায় সংঘর্ষে দুই লস্কর জঙ্গি নিহত হয়েছেন। তাদের মধ্যে লস্কর কমান্ডার উমর মুশতাক খান্ডের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীদের হত্যার অভিযোগ রয়েছে।

অন্যদিকে শ্রীনগরের বিমানঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি) এর কমান্ডোদের মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত