উসকানিমূলক পোস্ট ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৪০ পিএম

ফেইসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালীকে গতকাল রবিবার ও যশোরের ঝিকরগাছা গদকালী ইউনিয়নের সহসভাপতি মেরাজ হোসেন মিঠুকে শনিবার বহিষ্কার করা হয়।

গত বুধবার সকালে কুমিল্লার ঘটনার পর ধরনের উসকানিমূলক পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়ে সাইবার দুনিয়ায়। ধর্মান্ধ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই উসকানিতে যুক্ত হন। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ ধরনের পোস্ট দেন। ছাত্রলীগের পক্ষ থেকেও উসকানিমূলক পোস্টদাতাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শরীয়তপুর জেলা ছাত্রলীগ জেলার সদর উপজেলার ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালীকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের সহসভাপতি মেরাজ হোসেন মিঠু ছাত্রলীগের পদ হারান। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত