উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রটি অনুসরণ কঠিন হবে

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:২২ এএম

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এক বিবৃতিতে সাবমেরিন থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে। বুধবার জানানো হয়, নতুন অস্ত্রটির গতিপথ অনুসরণ কঠিন হবে।

এর আগে মঙ্গল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, প্রতিবেশী দেশটি পূর্বাঞ্চলীয় উপকূলে সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) ছুড়েছে বলে তাদের বিশ্বাস।

গত কিছুদিন ধরে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এর আগে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক ও দূরপাল্লার ছিল বলে জানিয়েছিল তারা।

কেসিএনএ জানিয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্রটিতে ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি’ আছে যা এর গতিপথকে অনুসরণ কঠিন করে তুলতে পারে।

ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সিনপো শহরের নিকটবর্তী সাগর থেকে ছোড়া হয় বলে দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে। সিনপোতে নিজেদের সাবমেরিন বহরের পাশাপাশি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) পরীক্ষার সরঞ্জামাদি রাখে দেশটি।

কেসিএনএ জানিয়েছে, ২০১৬ সালে পুরোনো ধরনের একটি এসএলবিএম পরীক্ষার জন্য এই একই সাবমেরিন ব্যবহার করা হয়েছিল।

সংবাদমাধ্যমটির প্রকাশিত ছবিতে উত্তর কোরিয়ার আগের এসএলবিএমের তুলনায় পাতলা, অপেক্ষাকৃত ছোট একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ছোট এসএলবিএমের কারণ এই হতে পারে, যে এতে একটি সাবমেরিনে অনেকগুলো ক্ষেপণাস্ত্র রাখা যাবে।

এর ঘটনার পর হোয়াইট হাউস আরও ‘উসকানি’ দেওয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। দেশটির অস্ত্র কর্মসূচি নিয়ে কূটনৈতিকভাবে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত