ইয়েমেনের জন্য ‘সন্ত্রাসী বাহিনী’ তৈরি, দুই জার্মান সেনা কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৬:৪৪ পিএম

ইয়েমেনের গৃহযুদ্ধে যোগ দেওয়ার জন্য একটি ‘সন্ত্রাসী বাহিনী’ তৈরির অভিযোগে জার্মানির মিউনিখ এবং ব্ল্যাক ফরেস্ট অঞ্চল থেকে দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা দুইজনেই জার্মান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল প্রসিকিউটার।

আদালত জানিয়েছে, ওই দুই সেনা কর্মকর্তার সঙ্গে জার্মান সেনাবাহিনীর সম্পর্ক অন্তত ২৫ বছরের।

অভিযোগ, ওই দুই সেনা একটি ছোট যোদ্ধা গোষ্ঠী তৈরি করছিলেন। তাদের পরিকল্পনা ছিল ইয়েমেনের গৃহযুদ্ধে যোগ দিয়ে দ্রুত সমাধানসূত্র তৈরি করা। 

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সেই সংঘাতে সরকারের পক্ষে অংশ নিয়ে হুতি বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসানোই তাদের লক্ষ্য ছিল।

কিন্তু এ কাজ করতে গিয়ে তাদের হাতে বহু মানুষ মারা যেত বলে মনে করছে জার্মান আদালত। যে কারণে তাদের সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করা হয়েছে। দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

জার্মানিতে গোপনীয়তার আইন কার্যকর আছে। ফলে দুই ব্যক্তির পুরো নাম জানানো হয়নি। একজনকে সম্বোধন করা হয়েছে অ্যারেন্ড অ্যাডল্ফ জি বলে। অন্যজন আচিম এ।

১২ থেকে ১৫ জনের একটি দল তৈরি করার পরিকল্পনা ছিল তাদের। মাসে ৪০ হাজার ইউরোর বিনিময়ে তারা ওই দল তৈরি করতে চাইছিল। দলে নেয়ার কথা ছিল সাবেক সেনা জওয়ান এবং পুলিশ কর্মকর্তাদের।

ইয়েমেনে প্রায় এক দশক ধরে শিয়া সম্প্রদায়ভুক্ত হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারের গোলমাল চলছে এবং রীতিমতো যুদ্ধ হচ্ছে। অভিযোগ, বিদ্রোহীদের মদত দিচ্ছে ইরান। অন্যদিকে সরকারকে সমর্থন করছে সৌদি আরব।

সৌদি আরবের বক্তব্য, ইরান বিদ্রোহীদের মদত দিয়ে ওই অঞ্চলে নিজেদের আধিপত্য তৈরি করতে চাইছে।

এই পরিস্থিতিতে ওই দুই জার্মান সেনা কর্মকর্তা ঠিক করেছিলেন তারা যোদ্ধা দল তৈরি করে সরকার পক্ষের হয়ে লড়াই করবে। এবং বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসাতে বাধ্য করবে।

অর্থের জন্য তারা সৌদির সঙ্গে যোগাযোগ করেছিল বলেও মনে করা হচ্ছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত