শিক্ষার্থীরা যেন নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ভার্চুয়ালি অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। পাশাপাশি যেন তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে।’
দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা এবং পরামর্শে আপনাদের জন্য অনার্স ডিগ্রির পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনারা নানারকম দক্ষতা নিয়ে গড়ে উঠতে পারেন। দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন। নিজেরা উদ্যোক্তা হতে পারেন, কিংবা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে নানা সুযোগ তৈরি হয়, সেটি গ্রহণ করতে পারেন।’
উপাচার্য মশিউর রহমান শিক্ষার্থীদের রাষ্ট্র সৃষ্টির বিপ্লব সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের মধ্যে ইতিহাস চেতনা থাকতে হবে। একই সঙ্গে আশা করব, এই প্রজন্ম সমসাময়িক বিশ্ব সম্পর্কে সব রকমের ধারণা নিয়ে একটি সঠিক ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মনিয়োগ করবে।’
তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আমাদের বিজ্ঞান ভাবনা, অসাম্প্রদায়িক সমাজ, আমাদের ধর্মনিরপেক্ষ সমাজ, গণতান্ত্রিক সমাজ— এই যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নবীন প্রজন্ম নিজেদের তৈরি করবে।’
