বাংলাদেশের বিপক্ষে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করা স্কটল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে হারায় পাপুয়া নিউগিনিকে। টানা দুই জয়ের পরও বাছাই পর্ব থেকেই তাদের বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে ওমানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে। তিন ম্যাচের তিনটিতেই জিতে ‘বি’ গ্রুপের সেরা হিসেবে সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করেছে স্কটল্যান্ড।
বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। স্বাগতিকদের দেওয়া ১২৩ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ৩ ওভার বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্কটিশরা।
বাংলাদেশকে ৬ রানে হারিয়ে আসর শুরুর পর পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়েছিল স্কটল্যান্ড। তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। আর সমান ম্যাচে ২ জয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।
গ্রুপ সেরা হওয়ায় স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ এ। যেখানে অন্য পাঁচ দল- ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্বের ‘এ’ গ্রুপ রানার্সআপ দল।
অন্যদিকে গ্রুপ-১ এ বাংলাদেশ পাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বে ‘এ’ গ্রপের চ্যাম্পিয়ন দলকে।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিকেরা। জয় পেলে তারাই মূল পর্বে খেলত। আর ৭৯ রানে জিততে পারলে হতো গ্রুপ চ্যাম্পিয়ন। তবে তেমন কিছু হয়নি।
জোশ ডেভির দারুণ বোলিংয়ে ওমান খুব বড় স্কোর করতে পারেনি। ডেভি ২৫ রানে ৩ উইকেটে নেন। দুটি করে উইকেট নিয়েছেন সাফিয়ান শরীফ ও মাইকেল লিস্ক।
ওমানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার আকিব ইলিয়াস। অধিনায়ক জিশান মাকসুদের ব্যাট থেকে আসে ৩৪ রান। এ ছাড়া মোহাম্মদ নাদিম ২১ বলে ২৫ রান করেন।
জবাবে অধিনায়ক কাইল কোয়েতজারের ২৮ বলে ৪১ ও রিচি বেরিংটনের ২১ বলে অপরাজিত ৩১ রানে সহজ জয় তুলে নেয় স্কটল্যান্ড। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন জোশ ডেভি।
