সহিংসতাবিরোধী কনসার্টে প্রতিবাদে উত্তাল ঢাবি ক্যাম্পাস

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সহিংসতাবিরোধী কনসার্ট। করোনা মহামারির কারণে দীর্ঘদিন নীরব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কনসার্টকে ঘিরে ছিল প্রতিবাদে উত্তাল।

‘আক্রান্ত মানুষ রক্তাক্ত দেশ/ এ মাটির কসম/ রুখবোই বিদ্বেষ’- এই স্লোগান নিয়ে শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, গানপোকা, বুনোফুল, গানকবিসহ বিভিন্ন ব্যান্ডদল গান পরিবেশন করেন। এছাড়া একক পরিবেশনায় অংশ নেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মুস্তাফিজসহ অনেকে। মূকাভিনয় পরিবেশন করেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের শিল্পীরা। নৃত্য পরিবেশনায় ছিলেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি।

কনসার্টে ছিল দর্শকের উপচেপড়া ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘অনেক দিন পর যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার স্বরূপে ফিরেছে। দেশের যে কোনো প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই কনসার্টের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত