চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে ২৪ ঘণ্টায় ৪ জন শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ০ দশমিক ৪০ শতাংশ। এ সময়ে করোনায় একজন মারা গেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের রবিবারের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, শনিবার চট্টগ্রামের ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ১ জন ও তিন উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী, মিরসরাই ও চন্দনাইশে একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ১৫৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৯২৯ জন ও গ্রামের ২৮ হাজার ২৩০ জন।
করোনায় গতকাল গ্রামের একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ৩১৯ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২১ জন ও গ্রামের ৫৯৮ জন।
