১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ আবেদনটি করেন। আবেদনে ১৯৮২ সালে ব্রিটেনের পার্লামেন্টের কয়েকজন সদস্যদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ওই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং পরবর্তী পদক্ষেপগুলো পর্যালোচনা ও নিরীক্ষার লক্ষ্যে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
এতে বিভিন্ন সময় বিশ্বের নানা দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির যুক্ত করা হয়েছে বলে জানান রিটকারী সুবীর নন্দী দাস। তিনি জানান, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
অ্যাডভোকেট সুবীর নন্দী দাস বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত নেপথ্য কর্মীদের খুঁজতে ২০১৮ সালে একটি কমিশন গঠনের কথা বলেছিলেন আইনমন্ত্রী। কিন্তু কয়েক বছর পার হলেও এ বিষয়ে এখনো জোরালো উদ্যোগ চোখে পড়েনি। এখন সরকারের তরফে যেহেতু এখন পর্যন্ত কমিশন গঠন হয়নি, তাই এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই আবেদনটি করা হয়েছে। আবেদনে এ বিষয়ে তদন্ত কমিশন গঠনের বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে।’
