সুদানে সেনা অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:৪৮ পিএম

সুদানে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। সুদানের প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন বলে জানিয়েছে বিবিসি।

বুরহান বলেন, ২০১৯ সালে বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে চুক্তি হয়েছিল তা বর্তমানে দেশের শান্তি ও নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এর আগে অভ্যুত্থান ঘটিয়ে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দি করে দেশটির সেনাবাহিনী। গতকাল সোমবার ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তথ্য মন্ত্রণালয়ের ফেইসবুক পেজে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরোধিতায় রাজপথে বিক্ষোভে নেমেছেন সুদানের গণতন্ত্রকামী জনগণ। বিক্ষোভস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। সেনা সদর দপ্তরে প্রবেশের চেষ্টা চালালে বাধার মুখে পড়েন বিক্ষুব্ধরা।

অভ্যুত্থানের পর দেশটির বেশিরভাগ সরকারি দপ্তর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত