কুমিল্লার দেবীদ্বার উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসহ ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এতে প্রশাসনিক কার্যক্রমসহ সুষ্ঠু শিক্ষা চরমভাবে ব্যাহত হচ্ছে। বদলি, অবসর ও মৃত্যুজনিত কারণে এসব শিক্ষকের পদ শূন্য হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১১টি কলেজ, ৫১টি উচ্চ বিদ্যালয়, ৩১টি মাদ্রাসা ও ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪টি কলেজ, ৫টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজ, মোহনপুর পাবলিক কলেজ ও মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে অধ্যক্ষ নেই। প্রধান শিক্ষক নেই মোহনপুর উচ্চ বিদ্যালয়, গোপালনগর উচ্চ বিদ্যালয়, গঙ্গাম-ল রাজ ইনস্টিটিউশন, সূর্যপুর উচ্চ বিদ্যালয় ও নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে। মাদ্রাসাগুলোর মধ্যে রাজামেহার ফাজিল মাদ্রাসা, ফতেহাবাদ আলিম মাদ্রাসা ও তুলাগাঁও দাখিল মাদ্রাসায় অধ্যক্ষ নেই। এছাড়া প্রাথমিকের ৩৪টি প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকের পদ খালি ৬৫টি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ বলেন, ‘প্রত্যেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতি অনুরোধ, তারা যেন শিগগির যথাযথ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিগগির শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’
