চট্টগ্রামের মিরসরাইয়ে স্বতন্ত্র তিন চেয়ারম্যান প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ১৬ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মিঠানালা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের ভূঞা তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর আগে গত সোমবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিংগুলী ইউনিয়নের ইফতেখার উদ্দিন পিন্টু, দুর্গাপুর ইউনিয়নের অনির্বাণ চৌধুরী রাজীব ও ওয়াহেদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাবু নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তবে মিরসরাই সদর ও খইয়াছড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় এবং ইছাখালী ইউনিয়নের এক প্রার্থী আদালত থেকে আদেশ আনায় ওই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।
