ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পুঁজি ১২৪

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৫:৫৩ পিএম

ইনিংসের তৃতীয় ওভারে পর পর দুই বলে লিটন দাস ও মোহাম্মদ নাঈমকে ফিরিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দেন মইন আলি। ইনিংসজুড়ে সেই ধাক্কা আর সামলাতে পারল না বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে পড়ল উইকেট। টেনেটুনে তাই ৯ উইকেটে ১২৪ রান করতে পারল টাইগাররা।

এই পুঁজি নিয়ে ইংলিশদের হারানো যাবে তো? বোলারদের জন্য কাজটা কঠিনই হবে বৈকি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর ম্যাচে লড়ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। আবুধাবিতে বুধবার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

টস জিতে এদিন ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। তবে আরো একবার টপ অর্ডার ব্যাটারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মোটেও কাজে আসেনি।

প্রথম তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। লিটন দাস ৯, মোহাম্মদ নাঈম ৫ ও সাকিব আল হাসান ৪ রান করে ফেরেন।

৫.২ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। ৩০ বলে ৩ চারে ২৯ রান করে ফিরতে হয় মুশফিককে। ফলে মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটি ৩৭ রানেই থেমে যায়।

এরপর আফিফ হোসেন (৫), মাহমুদউল্লাহও (১৯) ফিরে যান। মেহেদি হাসান ১১ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৮ বলে ১৬ ও নাসুম আহমেদের ৯ বলে অপরাজিত ১৯ রানে বাংলাদেশের স্কোরটা ১২০ পেরোয়।

১৯তম ওভারে আদিল রশিদকে দুটি ছক্কা ও একটি চার হাঁকান নাসুম। শেষ দুই বলে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৪ করতে পারে বাংলাদেশ।

ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন টাইমাল মিলস। ২টি করে উইকেট নিয়েছেন মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।

আসরের সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে তারা। অন্যদিকে ইংল্যান্ডও নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। তবে টি-টোয়েন্টিতে এই প্রথম মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত