জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ এবং জনবান্ধব উন্নয়নের দাবিতে পূর্ব সুন্দরবনের ঢাংমারী এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচি চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পট গানসহ বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা হয়।
সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদ সদস্য, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল। এ সময় আরও বক্তব্য দেন দেওয়ান নুরতাজ আলম, ইউপি সদস্য ফিরোজ আলম খান, ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, কমলা সরকার প্রমুখ।
