ফেরি আমানত শাহর দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:৫৯ পিএম

১২ ঘণ্টা কাজ বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া ফেরি আমানত শাহর দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাজে নামে সংশ্লিষ্টরা।

বুধবার সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ফেরিটি যানবাহনসহ ডুবে যায়। তারপর সারা দিন অভিযান চালিয়ে চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মানিকগঞ্জের ৩টি ও ঢাকার ২টি ইউনিটসহ নৌবাহিনী, নৌ পুলিশের যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই দিন। রাত সাড়ে ৮টায় প্রথম দিনের কাজে সমাপ্তি টানা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।

তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মানিকগঞ্জের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, উদ্ধার জাহাজ হামজা কাজ করছে। আরেকটি জাহাজ প্রত্যয় এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

এ দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেল থেকে এ কমিটির কাজ শুরুর কথা রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কোন নিখোঁজ ব্যক্তির স্বজন আমাদের নিকট আসেননি। ধারণা করা হচ্ছে, কোন শ্রমিক বা ফেরির যাত্রী নিখোঁজ নেই। তবে কোন মরদেহ পাওয়া গেলে— পরিবহন খরচ, দাফনের জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ঘাট এলাকায় এদিনও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত