গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসাদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। এ কারণে প্রায় এক ঘণ্টা কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। খবর পেয়ে গাজীপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাসপাতাল কর্র্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, গতকাল সকাল ১০টার মধ্যে কেন্দ্রে টিকা নিতে আসে কয়েক হাজার মানুষ। এ সময় শতাধিক নারী-পুরুষ লাইন ভেঙে সামনে চলে আসে। এতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। আনসার সদস্যরা পরিস্থিতি সামাল দিতে না পারায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতাল কর্র্তৃপক্ষ গণটিকা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে।
টিকা কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মঞ্জুরুল রহমান বলেন, ‘হঠাৎ হাতাহাতি শুরু হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়।’
এদিকে হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে, টিকাদান কার্যক্রমের ব্যবস্থাপনা তাদের দায়িত্ব না। এটি সিভিল সার্জন ও সিটি করপোরেশনের দায়িত্ব। তবে টিকা নিতে এসে ভোগান্তির মুখে পড়া সাধারণ মানুষ হাসপাতাল কর্র্তৃপক্ষের ওই ভাষ্য মানতে রাজি নয়। গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, ‘নির্ধারিত কেন্দ্রে না গিয়ে বিপুলসংখ্যক লোক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে চলে আসে। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।’
