জোড়া গোলে রিয়ালকে শীর্ষে ফেরালেন ব্রাজিলের ভিনিসিয়াস

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৮:৪৭ পিএম

এলচের বিপক্ষে জয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে এলচেকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। মারিয়ানো দিয়াসের ফ্লিক থেকে ২২তম জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সমতায় ফিরতে মরিয়া এলচে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে। টনি ক্রুসকে ফাউল করে ৬৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার রাউল গুতি।

দুর্বল হয়ে পড়া এলচের বিপক্ষে সুযোগ কাজে লাগান ভিনিসিয়াস। লুকা মদরিচের পাস থেকে ৭৩তম মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী তারকা।

শেষ মুহূর্তে ম্যাচে ফেরার আভাস দেয় এলচে। বেনেদেত্তুর পাসে ৮৬তম মিনিটে একটি গোল শোধ দেন পেরে মিলা। কিন্তু বাকি সময় স্বাগতিকদের আর কোনো সুযোগ দেয়নি আনচেলত্তির দল।

এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ফিরল রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে রিয়াল সোসিয়েদাদ।

তবে রবিবার ফের শীর্ষস্থান দখলের সুযোগ পাচ্ছে তারা। ঘরের মাঠে অ্যাথলেতিক বিলবাওকে হারালে শীর্ষে ফিরবে সোসিয়েদাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত