টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথেই ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান।
রবিবার নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই ম্যাচটিই শেষ ম্যাচ হবে ৩৩ বছর বয়সী আসগরের।
ফেইসবুকে বার্তায় আসগর বলেন, ‘নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাবো।’
তিনি আরো বলেন, ‘আমি চাই আরো অনেক তরুণ আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ পাক।’
প্রায় ৬ বছর আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন আসগর। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন। ২০১৯ বিশ্বকাপের দুই সপ্তাহ আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
পরে অবশ্য অধিনায়কত্ব ফিরে পেয়েছিলেন। তবে এ বছর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাজে পারফরম্যান্সে নেতৃত্ব হারান।
১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন আসগর। একটি সেঞ্চুরিসহ টেস্টে তার রান ৪৪০। ওয়ানডেতে একটি সেঞ্চুরি ও ১২ ফিফটিসহ তার রান ২৪২৪।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইট বার্তায় আসগর আফগানের সিদ্ধান্তকে স্বাগত ও সম্মান জানানোর কথা জানিয়েছে।
