গাজীপুরের শ্রীপুরে মহান বিজয়ের মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে শীতার্ত হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল, ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর চৌরাস্তায় শ্রীপুর ভবনের মাঠে এক আয়োজনের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিউর রহমানের সভাপতিত্বে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের নারী বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি (এমপি) এ সব উপকরণ বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীরা সকাল থেকে অনুষ্ঠান স্থলে আসেন। পরে বিজয় র্যালি করা হয় পৌর শহরে। শ্রীপুর উপজেলা সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংরক্ষিত নারী সাংসদ রুমানা আলী টুসি তার নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করেন।
আ. লীগ নেতা রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ।
