মুন্সীগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৪৭ এএম

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চরমুক্তারপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সেখানকার হাজী জয়নালের ভাড়াটিয়া কাউসারের ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধ স্বামী কাউসার ও স্ত্রী শান্তাসহ এ দম্পতির ২ শিশু সন্তানকে জাতীয় শেখ হাসিনা প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী জয়নালের চারতলা বাস ভবনের দ্বিতীয় তলার ভাড়াটে কাউসারের ফ্ল্যাটের রান্না ঘরের তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘর ও ফ্ল্যাটের অপর দু’টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটের জানালার কাচ ও দরজা ভেঙে চুরমার হয়। ফ্ল্যাটে থাকা কাউসারসহ তার পরিবারের ৪ সদস্য দগ্ধ হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ওই পরিবারের ৪ সদস্যকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তা ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত