ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সেঞ্চুরিতে মুম্বাই টেস্টের প্রথম দিন স্বস্তিতে পার করেছে ভারত। বৃষ্টির বাগড়ায় টসে দেরি হওয়ায় ৭০ ওভার খেলা হয়েছে প্রথম দিন।
তার মধ্যে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন আগরওয়াল। ভারতও দিন পার করেছে ৪ উইকেটে ২২১ রান নিয়ে।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথম ইনিংস শুরু করে ওপেনিং জুটিতেই ভারতের স্কোরবোর্ডে ৮০ রান জমা করেন আগরওয়াল ও শুভমান গিল।
এই জুটি ভাঙেন অ্যাজাজ প্যাটেল। গিল ফেরেন ব্যক্তিগত ৪৪ রানে। ভারতের বাকি ৩ উইকেটও নিয়েছেন প্যাটেল। তার মধ্যে ইনিংসের ৩০তম ওভার করতে এসে চেতশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলিকে ডাক উপহার দেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই স্পিনার।
ঘরে ফিরেই যেন জ্বললেন প্যাটেল। ৮ বছর বয়সে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। প্যাটেল নিজের চতুর্থ শিকার বানান শ্রেয়াস আয়ারকে (১৮)।
দীর্ঘদিন ধরে টেস্টে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না কোহলি। এবার ভারতীয় অধিনায়কদের মধ্যে এক পঞ্চিকাবর্ষে টেস্টে সর্বোচ্চ ৪ বার ডাক মারার রেকর্ড গড়লেন তিনি। কোহলির আগে সমান চারবার করে ডাক মেরেছেন তার আরও তিন স্বদেশি।
১৯৭৬ সালে বিষেন বেদী, ১৯৮৩ সালে কপিল দেব (১৯৮৩) ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির পর ২০২১ সালে চার ডাক নিয়ে এই তালিকায় যোগ দিলেন কোহলি।
সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে গ্রায়েম স্মিথের পাশে বসলেন কোহলি। সর্বোচ্চ ১৩ ডাক নিয়ে এই তালিকায় সবার ওপরে সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সমান ১০বার করে ডাক মেরে পরের দুই স্থানে স্মিথ ও কোহলি। ৮ বার করে ডাক মেরে তাদের নিচে আছেন মাইকেল আথারটন, হ্যানসি ক্রনিয়ে ও ধোনি।
দিনের বাকি সময় ভারতকে আর কোনো উইকেট হারাতে দেননি আগরওয়াল ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। আগরওয়ালের ২৪৬ বলে ১২০ রানের ইনিংসটি সাজানো হয়েছে ১৪ চার ও ৪ ছয়ে। তার সঙ্গে ২৫ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন ঋদ্ধিমান।
চোটে পড়ায় মুম্বাই টেস্টে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। চোটের কারণে ভারত পায়নি অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে।
এর আগে দুই দলের কানপুর টেস্ট ড্র হয়।
