জাতীয় পার্টির পতাকাতলে এখন দেশের তরুণ সমাজ ও উদীয়মান রাজনীতিকেরা ঝুঁকছে দাবি করে গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির শাসনামল দেশের মানুষ দেখেছে। তাদের সীমাহীন ব্যর্থতা, দুর্নীতি, জুলুম, নির্যাতনে দেশের মানুষ দিশেহারা। তাই আওয়ামী লীগ বা বিএনপিকে এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় পার্টির চাইতে একটু বড় দল হলেও একমাত্র আমরাই বলতে পারি সারা দেশের আমাদেরই শক্তিশালী সংগঠন রয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আন্দোলন বা নির্বাচন, আমরা যে দিকেই যাই এর জন্য প্রথমে আমাদের সু-সংগঠিত একটি শক্তিশালী সংগঠন দরকার। তাই আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় সম্মেলন সমাপ্ত করে জেলা কমিটি গঠনের প্রস্তুতি নিতে হবে।
পরে তিনি সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিনকে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কাউন্সিলর মো. মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠ ভোটে তা গৃহীত হয়। নতুন সভাপতি-সম্পাদককে আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেয়ার জন্য বলেন তিনি।
এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. লিয়াকত হোসেন খোকা এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক মিসেস শেফা কাদের এমপি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান মুন্নি, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি জাকির হোসেন, পবন চন্দ্র ঘোষ, হাসান সারোয়ার সুজন, জহিরুল ইসলাম সরকার, আমান উল্লাহ আমান, সালাম মোল্লা প্রমুখ।
