অপহরণের পাঁচ দিন পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:০৫ পিএম

নরসিংদীর রায়পুরায় অপহরণের পাঁচ দিন পর ইয়ামিন মিয়া  (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়ামিন একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জামাল মিয়ার ছেলে এবং বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

গত ২৮ নভেম্বর রবিবার দুপুরে ইয়ামিনকে অপহরণ করা হয়। পরে গত বুধবার শিশুটির মা শামসুন্নাহার বাদী হয়ে রায়পুরা থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রবিবার সকালে ইয়ামিনের মা ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার সময়  ছেলেকে বাড়িতে রেখে যান। ভোট দিয়ে দুপুরে বাড়ি ফেরার পর থেকে ইয়ামিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান পাননি। রাতে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পর এক ব্যক্তি জানায় ইয়ামিন তাদের হেফাজতে আছে। এ সময় মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে সে। এত টাকা দিতে পারবে না জানালে অপহরণকারী ৫ লাখ টাকায় ইয়ামিনকে ছেড়ে দিতে রাজি হয়। পরে বিকাশে ১ লাখ টাকা পাঠান। টাকা পাওয়ার পর অপহরণকারী ব্যক্তি তার ফোনটি বন্ধ করে ফেলে।

গত বুধবার রাতে নিখোঁজের ঘটনায় ইয়ামিনের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানাতে একটি অপহরণ মামলা করেন।

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘নিহতের পরিবারের অপহরণ মামলা দায়েরের সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি। পরে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগের অপহরণ মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তর হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত