আলোকস্বল্পতায় ৫৭ ওভারেই শেষ প্রথমদিনের খেলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৪:৩১ পিএম

ঢাকা টেস্টের প্রথমদিনের তৃতীয় সেশনে একটি বলও হয়নি। চা বিরতি থেকে ফেরার পর আলোকস্বল্পতার কারণে মাঝপথেই বন্ধ যায় খেলা।

এরপর জানানো হয়, দিনের খেলা সম্পর্কে ৪টা ৫মিনিটে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত এলো একটু পরই। আলোর অভাবে দিনের খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব নয় জানিয়ে দেন আম্পায়ার।

প্রথমদিনে খেলা হয়েছে ৫৭ ওভার। তাতে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। দ্বিতীয় সেশনে সফরকারীদের উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। তার মধ্যে ১৯তম টেস্ট ফিফটি পেয়েছেন বাবর আজম।

৬০ রানে দ্বিতীয়দিন শুরু করবেন পাকিস্তানি অধিনায়ক। তাকে সঙ্গ দেবেন আজহার আলী (৩৬)। প্রথমদিন আগেভাগে শেষ হওয়ায় ৩০ মিনিট আগে দ্বিতীয়দিনের খেলা শুরু হবে। কোনো বাধার মুখে না পড়লে খেলা হবে ৯৮ ওভার।

প্রথম সেশনে সমান সমানে ছিল দুই দল। পাকিস্তানের ৭৮ রানের বিপরীতে বাংলাদেশ নেয় ২ উইকেট। সফরকারীদের এই দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলীকে (৩৯) বোল্ড করেন তিনি। কিন্তু দ্বিতীয় সেশনে ব্যর্থ স্বাগতিক বোলারদের পরীক্ষা নিয়ে আজহারের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন বাবর।

এর আগে দ্বিতীয় সেশন শুরুর ৫০ মিনিট পর বৃষ্টির কারণে সাময়িক বন্ধ ছিল খেলা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মেঘলা পরিবেশ সৃষ্টি হয় মিরপুরে। তবে বৃষ্টির কারণে বেশিক্ষণ বসে থাকতে হয়নি। ২৫ মিনিট পর মাঠে নামে দু’দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত