ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনা, আনন্দমোহন কলেজের হল বন্ধ ঘোষণা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:২১ এএম

ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাতেই ছাত্রদের এবং রবিবার সকালের মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা জানান, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসাবে পরিচালিত হবে। কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়, আরেক পক্ষ এই সিদ্ধান্তকে সমর্থন জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ শুক্রবার রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজ ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা নয়, মহানগর ছাত্রলীগের অংশ হিসেবে পরিচালনার দাবি জানান।

একই দাবিতে শনিবার সকালেও কলেজের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ওই মানববন্ধন ঘিরে রাতে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে শনিবার রাতেই আনন্দ মোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত