জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত জমির পরিমাণ বাড়তে পারে: কৃষিমন্ত্রী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ পিএম

বাংলাদেশের প্রায় ২৫ শতাংশ উপকূলীয় এলাকা। এ এলাকার ১৮টি জেলার ১০ লাখ হেক্টরের বেশি জমি বিভিন্ন মাত্রায় লবণাক্ত। এই লবণাক্ততা এখানকার ফসলের উৎপাদন বৃদ্ধির প্রধান অন্তরায়।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ রোববার ঢাকার একটি হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের করা ‘সয়েল অ্যাটলাস অব বাংলাদেশ’ নামে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলের লবণাক্ত এলাকা, হাওর অঞ্চল, পার্বত্য চট্টগ্রামসহ প্রতিকূল পরিবেশ রয়েছে এমন এলাকার জমিতে ফসল উৎপাদনে সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), মৃত্তিকা বিজ্ঞান সমিতি এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

এবারের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য হলো ‘লবণাক্ততা রোধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি’। এই প্রতিপাদ্যের ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে লবণাক্ততা একটি বড় সমস্যা। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত জমির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খাদ্য উৎপাদনব্যবস্থা স্থিতিশীল ও টেকসই রাখতে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে ফসলের চাষযোগ্য জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত