ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন জেলার বোয়ালমারী উপজেলায় অবস্থিত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে।
অপরজন দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের চালক মনির হোসেন মনজু (৪০)। তিনি হোসেন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মাইক্রোবাসে করে ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুইজন নিহত হন।
মাইক্রোবাসে থাকা অপর দুই যাত্রী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা দুর্ঘটনায় আহত হয়েছেন।
তবে তারা আশঙ্কামুক্ত। মাইক্রোবাসে করে হোমিওপ্যাথি কলেজের শিক্ষকরা ঢাকায় পরীক্ষার খাতা আনার জন্য যাচ্ছিলেন।
এ ব্যাপারে করিমপহর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, বাসটির চালক পালিয়ে গেছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
