বরিশালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে আবারও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকালে নগরের সদর রোডে নৌপথসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষণিক হাফভাড়া ৫ ভাগ হ্রাস নিশ্চিত এবং নিরাপদ সড়কসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
ঘণ্টাকালব্যাপী সড়ক অবরোধ শেষে পুনরায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হলে তারা জেলা প্রশাসক দপ্তর ও বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা করেছে।
সমাবেশে শিক্ষার্থী রাহুল দাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ববি শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব প্রমুখ।
