জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-উপাচার্য জানান, করোনার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস-পরীক্ষা চালু থাকবে।
অধ্যাপক নূরুল আলম বলেন, এ সময়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সকল প্রশাসনিক কার্যক্রমও চালু থাকবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়।
পরে ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু হয়।
