ডিসেম্বরে হচ্ছে না ঢাবির হল ছাত্রলীগের সম্মেলন!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ এএম

ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অসহযোগিতায় তা পিছিয়ে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের বিশ্বস্ত একটি সূত্র দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘জয়-লেখক চায় না হল সম্মেলন করতে। তারা মনে করে হল সম্মেলন হলে কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তাই তারা সম্মেলন বন্ধ করার চেষ্টা করছে।’

সম্মেলনের বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘গত ৮ তারিখ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। হল সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে আমরা কাজ করছি। শীঘ্রই আলোচনার মাধ্যমে হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।’

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত