নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদীর সন্ধান চেয়েছেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। শনিবার দুপুরে ফেইসবুক স্ট্যাটাসে তিনি নিখোঁজ মাওলানা জেহাদীর সন্ধান চান।
একইদিন দুপুরে নিখোঁজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদীকে ফিরে পাওয়ার দাবিতে আড়াইহাজার শহীদ মিনারের সামনের রাস্তায় মানববন্ধন করেছে তার পরিবার ও স্থানীয় আলেম সমাজ।
এর আগে গত ২২ নভেম্বর রাজধানীর উত্তরায় অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ হন আলোচিত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী।
শনিবার দুপুরে এমপি নজরুল ইসলাম বাবু তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেন, আড়াইহাজারের কৃতি সন্তান মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি, উত্তরা একটি হাসপাতালে তার অসুস্থ বাবার সঙ্গে দেখা করেন। তারপর আর বাড়ি ফিরে আসেন নাই। এই বিষয়ে তার পরিবার পরিজন উদ্বিগ্ন। কেউ যদি তার কোনো সন্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
এ দিকে শনিবার দুপুরে মানববন্ধনে অংশ নেন মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আক্তার হোসেন সুরুজী, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মাহবুব প্রমুখ।
মানববন্ধনে মাওলানা জাহাঙ্গীরের শিশু সন্তান জোনায়েদ, নাবিলা, আত্মীয় মাওলানা হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। নিখোঁজ মাওলানা জিহাদীর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাচানী গ্রামে।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর অসুস্থ বাবাকে ঢাকায় দেখতে গিয়ে উত্তরা থেকে নিখোঁজ হন। এর পর থেকে বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকতা করতেন এবং বিভিন্ন মাহফিলে ওয়াজ করতেন।
