ঝিনাইদহ হরিনাকুন্ডুতে আসন্ন ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের হরিনাকুন্ডু উপজেলার ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামে সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রবিবার সকালে ওই গ্রামের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিনকে।
এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
পরে গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে শ্রীফলতলা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
